গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
টানা অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
পরিদর্শনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ভবন, শ্রেণিকক্ষ ও সার্বিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও শিক্ষাকার্যক্রমে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
মহিবুল্লাহ এনিম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোমলমতি শিক্ষার্থীরা। তাই ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুত সংস্কার ও শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ, উপজেলা যুব অধিকার পরিষদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নভাবে চালিয়ে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক টানা অতিবৃষ্টির কারণে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনসাধারণের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। গলাচিপা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।