স্টাফ রিপোর্টার:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল-এর মেধাবী শিক্ষার্থী আহনাফ হুসাইন জাঈম।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, আহনাফ হুসাইন জাঈম (রোল নং: ৫০০৩৬০৯) বরিশাল সদর উপজেলার বরিশাল জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
আহনাফ হুসাইন জাঈম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, বরিশাল অঞ্চলের সাবেক উপপরিচালক ও বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মুহাম্মদ জাকির হোসেন এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দম্পতির একমাত্র পুত্র। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা আহনাফ ছোটবেলা থেকেই মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছে। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।
আহনাফের বাবা-মা সন্তানের এই সাফল্যে মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারা বলেন, এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে তারা আহনাফের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ জানান, আহনাফ একজন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে তার মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জ্বল করবে।
আহনাফ হুসাইন জাঈমের এই গৌরবময় সাফল্যে আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।